বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় স্কুলে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ, তিন বিদ্যালয়ে স্লোগান

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৯ মিনিট আগে | ১৪ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালীর গলাচিপায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ এবং আরও তিনটি বিদ্যালয়ের দেয়ালে রাজনৈতিক স্লোগান ও বিভিন্ন লেখা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মধ্য সাউদের হাওলা এলাকায় এসব ঘটনা ঘটে।

বুধবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা বারান্দার পাশে একটি কলাগাছের কাছে কাচের বোতলের ভাঙা অংশ ও বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এতে বিদ্যালয়ের দেয়ালে কালো পোড়া দাগের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি পশ্চিম কল্যাণ কলস ও উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিদ্যালয়গুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম চালু রয়েছে।

মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হানিফ জানান, গভীর রাতে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পান। সকালে বিদ্যালয়ে এসে তাঁরা কাচের বোতলের ভাঙা টুকরা দেখতে পান। দ্বিতীয় শ্রেণির কক্ষের দরজার পাশের দেয়ালে কালো পোড়া দাগসহ বিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাজনৈতিক স্লোগান লেখা দেখা যায়।

এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর বলেন, বিদ্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও দেয়ালে পোড়া দাগ, বিভিন্ন স্লোগান ও হুমকিমূলক লেখা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা থানায় যোগাযোগ করেছেন।

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

গলাচিপায় স্কুলে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ, তিন বিদ্যালয়ে স্লোগান

১৯ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি