প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৩ বছরের শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও নির্দেশনায় জন্মগতভাবে চোখের জটিল সমস্যায় আক্রান্ত তিন বছর বয়সী শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
তিনি জানান, শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমানের নজরে আসে। বিষয়টি জানার পর আবু বক্করের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে ঢাকায় নিয়ে আসা হয়।
এরই ধারাবাহিকতায় গত সোমবার রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শিশুটির চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের পর বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে আবু বক্করের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেয়।
এ সময় কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন। ডা. এম আর হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়।
পাশাপাশি আবু বক্করের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় পরিবারটির হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
এ সময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীরসহ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা হওয়ায় শিশুটির পরিবার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে জানানো হয়েছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!