নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো
ছবি: ভিডিও থেকে নেওয়া
দেশের প্রশাসনিক কাঠামোয় যুক্ত হচ্ছে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা। একই সঙ্গে পরিবর্তন আসছে কয়েকটি উপজেলা ও থানার প্রশাসনিক পরিচিতিতেও।
সোমবার অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির—নিকার সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় স্থাপন করা হবে নতুন ‘মাতামুহুরী থানা’।
অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় গঠন করা হবে ‘মোকামতলা থানা’।
এ ছাড়া বগুড়ার মোকামতলা উপজেলা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভা দুটি হলো—‘মোকামতলা পৌরসভা’ ও ‘জৈন্তাপুর পৌরসভা’।
এদিকে, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
শুধু থানা ও পৌরসভা গঠন নয়, দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থানও পরিবর্তন করা হচ্ছে।
লক্ষ্মীপুরের সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক সেবা ও স্থানীয় সরকার কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!