মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় দুই তরুণের ব্যতিক্রমী উদ্যোগ, ডিম ফুটিয়ে বাঁচালেন ১৩টি বিষধর সাপের বাচ্চা, বনে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৯ ঘণ্টা আগে | ২৬ বার পড়া হয়েছে
ফন্ট:

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পটুয়াখালীর গলাচিপার দুই তরুণ স্বেচ্ছাসেবক। উদ্ধার করা পদ্মগোখড়া ও দারাস সাপের ডিম দুই মাস ধরে বিশেষ ব্যবস্থায় পরিচর্যা করে ফুটিয়েছেন ১৩টি বাচ্চা। পরে এসব সাপের বাচ্চা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে তিনটি দারাস সাপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। বাকি ১০টি পদ্মগোখড়া ম্যানগ্রোভ বনে অবমুক্ত করার জন্য নিয়ে যায় বন বিভাগ।

জানা গেছে, উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল গ্রামের তরুণ স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ প্রায় দুই মাস আগে দুটি সাপ উদ্ধার করেন। সাপ দুটি ছিল পদ্মগোখড়া ও দারাস প্রজাতির। উদ্ধারের পর সাপ দুটির পেটে ডিম দেখতে পান তাঁরা। পরে নিজস্ব ব্যবস্থাপনায় সাপ দুটির পরিচর্যা করেন। ডিম দেওয়ার পর সাপ দুটিকে অবমুক্ত করে বিশেষ ব্যবস্থায় ডিমগুলো ফুটানোর উদ্যোগ নেন তাঁরা।

পদ্মগোখড়ার ২০টি ও দারাসের ৮টি ডিম প্রায় দুই মাস ধরে পরিচর্যা ও তা দেওয়ার পর ১০টি পদ্মগোখড়া এবং তিনটি দারাস সাপের বাচ্চা জন্ম নেয়। এরপর বাচ্চাগুলোকে আরও এক সপ্তাহ পরিচর্যায় রেখে সোমবার গলাচিপা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনটি দারাস সাপের বাচ্চা ইটবাড়িয়া গ্রামে অবমুক্ত করা হয়। বিষধর ১০টি পদ্মগোখড়া ম্যানগ্রোভ বনে অবমুক্ত করার জন্য নিয়ে যাওয়া হয়।

অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শ্রী নয়ন মিস্ত্রি এবং দুই স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ।

স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে তিনি বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করেন। এ ধরনের কাজ তাঁকে নিয়মিত করতে হয়। দারাস সাপ নির্বিষ হওয়ায় তিনটি বাচ্চা লোকালয়ের উপযোগী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে, পদ্মগোখড়া বিষধর হওয়ায় সেগুলো ম্যানগ্রোভ বনে অবমুক্ত করার জন্য নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজস্ব ভূমিকা রয়েছে। সাপ দেখলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, বন্যপ্রাণী হত্যা না করে উদ্ধার ও সংরক্ষণের এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়াতেও এ উদ্যোগ অনুপ্রেরণা জোগাবে।

সারাদেশ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

গলাচিপায় দুই তরুণের ব্যতিক্রমী উদ্যোগ, ডিম ফুটিয়ে বাঁচালেন ১৩টি বিষধর সাপের বাচ্চা, বনে অবমুক্ত

১৬ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি