সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বাংলা ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দায় মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের উঠোনে সারা বাংলা কৃষক সোসাইটির (এসবিকেএস) উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে মুগডাল, বাদাম, তরমুজসহ বিভিন্ন ফসল উৎপাদনকারী ১০টি কৃষক সমবায় সমিতির প্রায় ২০০ জন কৃষক-কৃষাণি অংশ নেন।
উৎসবকে ঘিরে সকাল থেকেই এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সংগঠনের সদস্য ও স্থানীয় কৃষকেরা নতুন পোশাক পরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য র্যালি বের করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠাপুলির আয়োজন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার ও কৃষিপণ্যের প্রদর্শনী। সাতটি স্টলে স্থান পায় নকশি পিঠা, পুলি, নাড়ু, বাদাম, চালভাজা, নারকেল, ভাপা পিঠা, মলিদা, মুড়কি, খই, মুড়ি ও পায়েসসহ নানা ধরনের দেশীয় খাবার। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত মুগডাল, নারকেল, বাদামসহ বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করা হয়।
শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবে যোগ করে বাড়তি আনন্দ। হাডুডু,হাঁড়িভাঙা খেলা, মোরগ লড়াই, বল পাস ও বেলুন ফোটানোসহ নানা গ্রামীণ খেলাধুলায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। এসব আয়োজনের মধ্য দিয়ে যেন ফিরে আসে হারিয়ে যেতে বসা গ্রামীণ শৈশবের চেনা দৃশ্য।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য অঞ্জলি বৈদ্য, আঞ্চলিক প্রকল্প সমন্বয়কারী এসএম রঞ্জু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাঠ সহায়ক মোবিনা সুলতানা তন্বী, এফবিএফ প্রতিনিধি রেহেনা বেগম, কাচারীকান্দা মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মানসুরা বেগম, সারা বাংলা কৃষক সোসাইটির ব্যবসা সহায়ক আবদুল মন্নান এবং দক্ষিণ দুমকি গাভী পালন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
বক্তারা বলেন, নবান্ন উৎসব কেবল নতুন ধান ঘরে তোলার আনন্দ নয়, এটি বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একসময় ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশ নিতেন। নতুন ফসল ঘরে তোলার আনন্দ প্রান্তিক কৃষকের দুঃখ-কষ্ট ভুলিয়ে গ্রামবাংলায় সৃষ্টি করত এক অন্যরকম উৎসবের আবহ।
তাঁরা বলেন, আধুনিকতার প্রভাবে ঐতিহ্যবাহী এ উৎসবের আয়োজন দিন দিন কমে যাচ্ছে। নতুন প্রজন্ম ক্রমেই গ্রামীণ সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। তরুণদের একটি অংশ মাদকের দিকেও ঝুঁকছে। এ পরিস্থিতিতে নবান্ন উৎসবের মতো সাংস্কৃতিক আয়োজন বাড়ানো গেলে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০১৩-২০১৪ সালের দিকে প্রতিষ্ঠিত সারা বাংলা কৃষক সোসাইটি (এসবিকেএস) ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সংগঠিত করে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে কৃষকের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করছে। বরিশাল ও রংপুরে আঞ্চলিক কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। গ্রামীণ ঐতিহ্য ও কৃষিভিত্তিক সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে সংগঠনটি বিভিন্ন অঞ্চলে কৃষকদের নিয়ে নবান্ন উৎসবের আয়োজন করে আসছে।
বক্তারা আরও বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, তাঁদের আর্থিক নিরাপত্তা এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলা জরুরি। নবান্ন উৎসবের আনন্দকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাচীন এ ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
এ সময় সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রাম্মা সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেন।
দিনব্যাপী এ উৎসব কৃষকদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নবান্নের হারানো ঐতিহ্য আবারও পরিচিতি পাবে এবং গ্রামবাংলার কৃষিভিত্তিক সংস্কৃতি নতুন করে প্রাণ ফিরে পাবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!