স্বাধীনতার পর প্রথমবার হিলিতে থামল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন, উচ্ছ্বসিত যাত্রীরা
দিনাজপুরের হিলিবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান! স্বাধীনতার পর প্রথমবারের মতো হিলি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন। রোববার সকালে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির মধ্য দিয়ে শুরু হয়েছে বহু প্রত্যাশিত এ সেবা। পর্যায়ক্রমে যাত্রাবিরতি করবে নীলসাগর এক্সপ্রেসও। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে, নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস হিলি রেলওয়ে স্টেশনে পৌঁছালে শুরু হয় এ ঐতিহাসিক যাত্রাবিরতি।
দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের ভোগান্তি এবং সম্ভাব্য রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন দেয় রেল কর্তৃপক্ষ।
এতদিন ঢাকায় যাতায়াত করতে হিলির যাত্রীদের যেতে হতো পাশের বিরামপুর কিংবা জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি টিকিট পাওয়া নিয়েও ভোগান্তিতে পড়তে হতো তাঁদের।
নতুন এ সেবা চালু হওয়ায় সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন যাত্রীরা।
এক যাত্রী এরফান আলী বলেন, তাঁকে প্রায়ই ঢাকায় যাতায়াত করতে হয়। আগে বাড়ির কাছের স্টেশনে ট্রেন না থামায় বিরামপুর গিয়ে ট্রেনে উঠতে হতো। এখন হিলি থেকেই ট্রেনে উঠতে পারায় পরিবার নিয়ে যাতায়াত অনেক সহজ হবে।
শুধু সাধারণ যাত্রী নয়, নতুন এ উদ্যোগকে হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাংলাহিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান বলেন, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। ফলে স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক রেজা আহমেদ বিপুল জানান, নতুন এ ব্যবস্থার ফলে হিলি থেকে রাজধানী ঢাকায় যাতায়াত আরও সহজ হবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগও বাড়বে।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী মনে করেন, ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
হিলি স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রেলওয়ে মন্ত্রণালয়ের অনুমোদনে দিনের বেলায় নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হয়েছে। হিলি থেকে ঢাকাগামী প্রতিটি ট্রেনে পাঁচটি এসি ও ২০টি নন-এসি আসনের টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে। আর ঢাকা থেকে হিলিগামী ট্রেন দুটিতে ৩০টি করে টিকিট বরাদ্দ রয়েছে। প্রথম দিনেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।
উল্লেখ্য, ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হয় হিলি রেলওয়ে স্টেশন। একসময় এ স্টেশন দিয়ে ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংসহ বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল করত। দীর্ঘ সময়ের অপেক্ষা পেরিয়ে স্বাধীনতার পর এবারই প্রথম ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হওয়ায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সীমান্তবর্তী জনপদ হিলিতে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!