অভিনব কৌশলে ৩ কেজি ১২৯ গ্রাম স্বর্ণ পাচারের সময় স্বর্ণসহ গ্রেপ্তার ১
পুলিশের চেকপোস্ট! আর সেখানেই ধরা পড়ল বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ। চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে আকবরশাহ থানা-পুলিশ। এ ঘটনায় সুধীর কুমার ধর নামে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটসংলগ্ন পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজের হোছাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে চেকপোস্ট বক্সের সামনে পাকা সড়ক থেকে সুধীর কুমার ধরকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ।
গ্রেপ্তার সুধীর কুমার ধর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৪, তারিখ ১২ নভেম্বর ২০২৬। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তবে উদ্ধার করা স্বর্ণের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!