রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন প্রধান শিক্ষক মন্দিরা পাল

মাজহারুল ইসলাম মলি (ভেরিফাইড) | ৪ ঘণ্টা আগে | ২৪ বার পড়া হয়েছে
ফন্ট:

 স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন পটুয়াখালীর গলাচিপার মেয়ে ও প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালের পাশে দাঁড়িয়ে তাঁর এমন মানবিক সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। ভালোবাসা, দায়িত্ববোধ ও দাম্পত্য জীবনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।

মন্দিরা রানী পাল গলাচিপা পৌরসভার ৪  নম্বর ওয়ার্ডের সদর রোড এলাকার মনীন্দ্র চন্দ্র পালের মেয়ে। তাঁর স্বামী সুদাম পালের বাড়ি বরিশালের গৌরনদীর টরকি বন্দরে। তিনি টরকি বন্দর নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অন্যদিকে মন্দিরা রানী পাল গৌরনদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল স্নাতক পর্যায়ে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের প্রথম দিকে সুদাম পালের কিডনিজনিত জটিলতা ধরা পড়ে। এরপর দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। প্রয়োজনীয় কিডনি দাতার সন্ধান না পাওয়ায় পরিবারটি দুশ্চিন্তায় পড়ে। একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।

কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

চিকিৎসার জন্য গত সেপ্টেম্বর মাসে ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে যান তাঁরা। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা শেষে আগামী ২৪ নভেম্বর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তাঁরা ওই হাসপাতালেই অবস্থান করছেন।

এদিকে স্বামীর জীবন রক্ষায় মন্দিরা রানী পালের কিডনি দানের সিদ্ধান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের প্রশংসা করছেন। অনেকেই এই দম্পতির অস্ত্রোপচার সফল হওয়া এবং দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন।

মন্দিরা রানী পাল বলেন, ‘আমার একটি কিডনি দান করেও যদি আমার স্বামী বেঁচে থাকেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমরা একসঙ্গে বাঁচতে চাই। এটা কোনো প্রতিদান নয়, এটা আমার ভালোবাসা। আমার স্বামীর বিপদ হয়েছে বলে কোনোভাবেই আমি তাঁকে ছেড়ে যেতে পারি না।’

এই দম্পতি তাঁদের চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মানবিক

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন প্রধান শিক্ষক মন্দিরা পাল

২১ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি