সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ, বাড়তে পারে আরও ২৭৩ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১ দিন আগে | ৩৫ বার পড়া হয়েছে
ফন্ট:

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বড় ধরনের আর্থিক সহায়তা পেয়েছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলন থেকে প্রায় ৭৮৪ কোটি টাকা অনুদান নিশ্চিত হয়েছে। প্রাথমিক পর্যায়ের প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারলে এই সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে এক হাজার ৫৮ কোটি টাকায়।

রোববার সকালে সম্মেলন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, নিশ্চিত হওয়া পুরো অর্থই অনুদান, কোনো ঋণ নয়। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস বা সিআইএফ থেকে প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড উদ্যোগের আওতায় প্রায় ৪১০ কোটি টাকা রয়েছে।

এছাড়া গ্লোবাল শিল্ডের আওতায় আরও প্রায় ২৭৩ কোটি টাকা পাওয়ার সুযোগ রয়েছে। প্রথম পর্যায়ের প্রকল্পগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে এই অর্থও ছাড় হতে পারে।

এই অর্থ দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন অভিযোজন প্রকল্প, উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি বিমাসহ সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে বাংলাদেশসহ গ্লোবাল সাউথের দেশগুলো অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জোরালোভাবে তুলে ধরেছে। পাশাপাশি বৈশ্বিক জলবায়ু তহবিলের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের আহ্বান জানানো হয়েছে।

এদিকে আনতালিয়ায় ৪৮ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থে পাঁচ দফা দাবি তুলে ধরেন। সম্মেলনের পাশাপাশি কয়েকটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।

সুন্দরবনসহ ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশের কার্বন ক্রেডিট বাজারে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। আগামী কয়েক মাসের মধ্যে কার্বন ক্রেডিট বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি আশা করছে সরকার।

সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অনুদান সংগ্রহ, উপকূলীয় সুরক্ষা এবং পরিবেশ পুনরুদ্ধারে কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশের এই অর্জনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ, বাড়তে পারে আরও ২৭৩ কোটি

২২ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি