মডেল খাল পুনঃখনন উদ্বোধন, লালমনিরহাট সফরে স্যাটেলাইটের ঘোষণা প্রধানমন্ত্রীর
আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত প্রথম ‘জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তাঁরা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’ এ সময় তিনি দেশের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্বোধন শেষে সেখানে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, জনসভা শেষে সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনব্যাপী কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!