গলাচিপা মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
পটুয়াখালীর গলাচিপা মহিলা কলেজে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
গলাচিপা মহিলা কলেজ পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর।
কলেজের গভর্নিং বডির সভাপতি ডাঃ মুঃ নুরুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর খাঁন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. নেসার রাঁড়ী, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজ মাষ্টার ও সাধারণ সম্পাদক মো. জাকির মুন্সি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এ কে এম মিজান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী রুবাইয়া ইয়াসমিন এবং পবিত্র গীতা পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী সান্ত্বনা হাওলাদার। পরে গভর্নিং বডির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রধান অতিথিকে পুষ্পস্তবক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
নবাগত ছাত্রীদের ফুল ও শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি অতিথিবৃন্দ তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও দায়িত্বে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির অভিভাবক ও বিদ্যোৎসাহী সদস্য মেহেদী হাসান সিজার, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জিয়াউর রহমান, গাজী মোঃ রহিম, মোঃ হেলাল উদ্দিন ও আবু বকর সিদ্দিক। এছাড়াও কলেজের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!