‘এনাফ ইজ এনাফ, আর নয়’—আওয়ামী লীগকে কঠোর বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ যে দেশে পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তারা। জনগণের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। খুনি ও সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ’, অর্থাৎ যথেষ্ট হয়েছে, আর নয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চব্বিশের মতো সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে।
সরকার যখন সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে, তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর দেশ শাসন করেছে। মানুষের কথা বলার অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আর নিশিরাত কিংবা ডামি নির্বাচনের রাজনীতি দেখতে চায় না।
এ সময় উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে পুরো রংপুর বিভাগে গ্যাস সংযোগ দেওয়া হবে। এর ফলে এ অঞ্চলে নতুন কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!