১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালার নির্দেশ হাইকোর্টের
শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৬ বছর বা তার কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রভাব পর্যালোচনা করে এ নীতিমালা তৈরিতে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে।
এ লক্ষ্যে টেলিযোগাযোগ, নারী ও শিশুবিষয়ক, স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন হাইকোর্ট। রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।
রিটে বলা হয়, দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। দীর্ঘ সময় অনলাইনে থাকার কারণে একাকিত্ব, হতাশা এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাবের আশঙ্কাও তৈরি হচ্ছে।
রিটে উল্লেখ করা আইসিডিডিআরবির এক গবেষণার তথ্য বলছে, ঢাকার পাঁচ শিশুর মধ্যে চারজনেরও বেশি প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের দৈনিক গড় স্ক্রিন ব্যবহারের সময় প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা।
গবেষণায় আরও উঠে এসেছে, এক-তৃতীয়াংশের বেশি শিশুর চোখের সমস্যা রয়েছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে কমছে ঘুমের সময়ও।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুমের অভাব শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে হাইকোর্টের এ নির্দেশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!