২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের- প্রধানমন্ত্রী
রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি এবং কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ নতুন কর্মসংস্থান।
একই সঙ্গে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করেছে সরকার। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
তার ভাষায়, বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করাই নতুন নীতিমালার অন্যতম লক্ষ্য।
এদিকে ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথাও জানান প্রধানমন্ত্রী। এ লক্ষ্য অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দেশীয় উৎপাদনব্যবস্থা এবং আন্তর্জাতিক সরবরাহ ও মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মূলধনের অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এসএমই খাতের বিকাশে বড় বাধা। এসব প্রতিবন্ধকতা দূর করতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন।
দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ সম্ভাবনাময় খাতগুলোর ওপর গুরুত্ব দেন তিনি।
এছাড়া এসএমই ফাউন্ডেশনের চিহ্নিত ১৭৭টি শিল্প ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির আওতায় বিকশিত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
নারী উদ্যোক্তাদের অবদানের কথা তুলে ধরে তিনি জানান, এবারের এসএমই মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশই নারী। তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রদান করেন। সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তাকে এ পুরস্কার দেওয়া হয়। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!