সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন তিন উপসচিব
দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে এবার মোবাইল কোর্ট পরিচালনা করবেন তিন উপসচিব। তাঁদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। এর ফলে নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনা ও অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের এই তিন কর্মকর্তা হলেন—উপসচিব মো. তোফায়েল হোসেন, কাজী আরিফুর রহমান এবং মোছা. ফুয়ারা খাতুন।
গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধির ১০(৫) ধারা এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী তাঁদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।
এর মধ্যে উপসচিব মো. তোফায়েল হোসেন দণ্ডবিধির ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।
অন্যদিকে, কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, তামাক নিয়ন্ত্রণ এবং সড়ক পরিবহন আইনের নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
তবে এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। কর্মকর্তারা কেবল সচিবালয়ে কর্মরত থাকাকালীন মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। পাশাপাশি প্রতিটি অভিযানের বিবরণ নির্ধারিত ছকে মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই ক্ষমতা অর্পণ করা হয়েছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!