পুলিশের বড় রদবদল, একসঙ্গে বদলি ও পদায়ন ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং খুলনা মহানগর পুলিশের ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগ—সিআইডিতে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তার মধ্যে মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, মো. নাজিমুল হককে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট, মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজে এবং মুনশী শাহাবুদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকেও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে কামরুল ইসলাম ও মিজানুর রহমানকে রংপুর মহানগর পুলিশে, এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজে এবং মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে, মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশে, মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে এবং রবিউল ইসলামকে পুলিশের বিশেষ শাখা—এসবিতে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে একযোগে এই রদবদলকে প্রশাসনিক দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!