মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

নাশকতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবি-আনসার

মোজো ডেস্ক (ভেরিফাইড) | ১৪ মিনিট আগে | ৪ বার পড়া হয়েছে
ফন্ট:

নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। মাঠে মোতায়েন করা হয়েছে বিজিবি ও আনসার সদস্যদের। পাশাপাশি পুলিশকে দেওয়া হয়েছে অভিযান জোরদারের নির্দেশ।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, জোরালো টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা পরিদর্শনকালে বিলোনিয়া ও আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টসহ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির নিরাপত্তা পরিস্থিতি ও অভিযানিক প্রস্তুতি পর্যালোচনা করেন বিজিবিপ্রধান। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এদিকে, গত ১ থেকে ২১ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে থানা, হাসপাতাল, পরিবহণ সেবা, রাজনৈতিক নেতাদের বাসভবন, গ্রামীণ ব্যাংকের শাখাসহ সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিমানবন্দর, রেলস্টেশন, আদালত, সচিবালয়, সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিজিবি জানিয়েছে, ঢাকা ও দেশের আরও ছয় জেলায় এখন পর্যন্ত ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে রয়েছে দুই ব্যাটালিয়ন সদস্য। পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও অভিযান সমন্বয়ে ড্রোন, বডিওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগের ঘটনার পর জেলাটি পরিদর্শনে গিয়ে নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে শান্তিপ্রিয় মানুষকে নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শিল্পাঞ্চল, সরকারি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নয়টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

রাজধানীতেও অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক পাচার, ছিনতাই, চাঁদাবাজি ও নাশকতার বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন।

এদিকে, বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশ বাহিনীতে সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে। আটটি উপকমিটির সুপারিশের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ দমন, রাজনৈতিক সহিংসতা মোকাবিলা, সীমান্ত নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়ানোর পরিকল্পনা রয়েছে পুলিশের জনবল, প্রশিক্ষণ, লজিস্টিকস ও ডিজিটাল নজরদারি সক্ষমতা।

সব মিলিয়ে, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে সমন্বিত নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে সরকার। এখন নজর মাঠপর্যায়ে এসব উদ্যোগের কার্যকারিতার দিকে।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

নাশকতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবি-আনসার

২৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি