পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা, ১ ডিসেম্বর থেকে কার্যকরের প্রস্তাব
পোশাক শ্রমিক- ছবি ইন্টারনেট
দীর্ঘ আলোচনা, মালিক-শ্রমিকের মতবিরোধ এবং শেষ পর্যন্ত ভোটাভুটি। সব প্রক্রিয়া শেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামোর প্রস্তাব গ্রহণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুইজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকার প্রস্তাব গৃহীত হয়।
নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ এবং চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সম্মতিতে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত না হওয়ায় শ্রম বিধিমালা অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। এমনকি বর্তমানে নির্ধারিত নিম্নতম মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও এই সমন্বয় কার্যকর করার কথা জানানো হয়েছে।
বোর্ড চেয়ারম্যান আরও জানান, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের প্রস্তাব করা হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা শ্রমিকদের।
তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায়। বোর্ডের খসড়া সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলেই নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!