বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

বিনোদন ডেস্ক (ভেরিফাইড) | ২১ ঘণ্টা আগে | ৫ বার পড়া হয়েছে
ফন্ট:

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। মেকআপও সম্পন্ন করেছিলেন। কিন্তু আর ক্যামেরার সামনে দাঁড়ানো হলো না। হঠাৎ করেই থেমে গেল অভিনয়শিল্পী সোহেল খানের জীবনের পথচলা।

৬৬ বছর বয়সে মারা গেছেন ছোট ও বড় পর্দার পরিচিত অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে একটি শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার পর হোটেলকক্ষে তাঁকে ডাকতে যান ইউনিটের এক সদস্য। এ সময় বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।

দীর্ঘ অভিনয়জীবনে একক নাটক, ধারাবাহিক, টেলিছবি ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য টেলিভিশন কাজের মধ্যে রয়েছে ‘ভালোবাসার যৌথ খামার’, ‘নিমন্ত্রণ রইল সবার’ ও ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’।

বড় পর্দায় অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’ ও ‘দেশা: দ্য লিডার’-এর মতো চলচ্চিত্রে। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ চলচ্চিত্রেও দেখা গেছে তাঁকে।

ঢাকার ধামরাইয়ের রাজাপুরে তাঁর গ্রামের বাড়ি। অভিনয়ের পাশাপাশি সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়ার স্বপ্নও ছিল তাঁর। একটি মফস্‌সল শহরে সিনেমা হল গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

অভিনয়ের নানা চরিত্রে দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন সোহেল খান। তাঁর মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিনোদন

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

২৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি