বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওসির বিরুদ্ধে, তদন্তে জিএমপি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় সোহেল নামে তাঁর এক সহযোগীর বিরুদ্ধেও অভিযোগ করেছেন এক তরুণী।
এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লিখিত অভিযোগে ওই তরুণী দাবি করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে ইফতেখার হোসেন কাশিমপুর থানায় কর্মরত থাকাকালে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে সেখানে যান তিনি। ওই সময় তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করেন ইফতেখার। পরে ফোনে যোগাযোগের সূত্র ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন তিনি।
তরুণীর অভিযোগ, সম্পর্কের একপর্যায়ে ইফতেখার তাঁকে বন্ধু সোহেলের বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ কাজে সোহেল সহযোগিতা করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার তাঁকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। পরে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে তাঁকে গালিগালাজ, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেন বলে দাবি ওই তরুণীর।
এ ছাড়া গত ১১ সেপ্টেম্বর ইফতেখারের নির্দেশে সোহেল ও তাঁর এক কথিত আত্মীয় তরুণীর বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন নিয়ে যান। পরে ফোনে সংরক্ষিত কথোপকথনের কল রেকর্ড ও বার্তা মুছে ফেলা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
তরুণীর দাবি, জিএমপি কমিশনারের কাছে অভিযোগ দেওয়ার পর থেকে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন অভিযোগকারী।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান জানান, অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!