জলবায়ু পরিবর্তনে নারীর প্রতি সহিংসতা রোধে গলাচিপায় প্রচারাভিযান, স্মারকলিপি প্রদান
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীদের ওপর নির্যাতন ও নিপীড়নের ঝুঁকি মোকাবিলা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার আহ্বানে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে প্রচারাভিযান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নজরুল স্মৃতি সংসদ—এনএসএস ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়।
২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে চলমান ১৬ দিনের অ্যাক্টিভিজম কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সকালে সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির র্যালির উদ্বোধন করেন। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, যুব প্রতিনিধি ও লোকমোর্চার সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এনএসএস-গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী নাদিয়া সুলতানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিভিক ফোরামের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ এবং উপজেলা লোকমোর্চা কমিটির কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো. হারুন অর রশিদসহ অন্যরা।
আলোচনায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের ঝুঁকিতে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে লোকমোর্চা ও যুব প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি তুলে দেন।
উল্লেখ্য, এনএসএস ও ওয়েভ ফাউন্ডেশন অংশীদারত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় পটুয়াখালীর গলাচিপা, দুমকী ও বাউফল উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদি গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!